উত্তরা প্রতিদিন
ঢাকা

সিলেটে তর্কাতর্কির জেরে বিএনপি নেতা খুন

উত্তরা ডেস্ক ২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ণ
সিলেটে তর্কাতর্কির জেরে বিএনপি নেতা খুন

সিলেট সদর উপজেলার শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে তর্কাতর্কির জেরে ইটের আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তর্কাতর্কির জেরে ইটের আঘাতে তিনি আহত হন। পরে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মারা যান।

নিহত আব্দুর রহমান (৬৫) কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম।

এদিকে আব্দুর রহমানকে আঘাতের দায়ে অভিযুক্ত সুমন আহমদও আহত হয়েছেন। তিনিও ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে কোন এক সময় পালিয়ে যান বলে জানা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে সড়কের পাশে প্রস্রাব করছিলেন সুমন। এতে আব্দুর রহমান বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির পর আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করে। একপর্যায়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। আব্দুর রহমান ও সুমন দুজনই আহত হয়ে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান। আর সুমন হাসপাতাল থেকে কোন এক সময় পালিয়ে যান। নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

 

Read more — সারাদেশ
Home