
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. শাহজাহান শেখ কৃষক লীগের সভাপতিসহ সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। বিএনপির নেতাকর্মীদের ব্যবহার ভালো বলে তাদের কর্মী হয়ে দেশের কাজ করতে চাই।
সংবাদ সম্মেলনে শাহজাহান শেখ বলেন, বিগত দিনে আমি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম; কিন্তু বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে আজ থেকে কৃষক লীগের সভাপতি পদসহ সব ধরনের কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব। বিএনপির নেতাকর্মীদের ব্যবহার আমার ভালো লাগে সেজন্য আমি ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে চাই।

