উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজধানীতে বিদেশি পিস্তল–গুলিসহ গ্রেফতার ৩

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ণ
রাজধানীতে বিদেশি পিস্তল–গুলিসহ গ্রেফতার ৩

রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ নভেম্বর) রাতে কদমতলী থানার শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গোয়েন্দা রমনা বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মো. মামুন (৩৭) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ডিএমপি সূত্র জানায়, অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা বাড়ানোর উদ্দেশ্যে তারা অস্ত্র ও গুলি মজুত করে রেখেছিল।

ডিএমপি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। নতুন করে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকদ্রব্যের ঘটনায় কদমতলী থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

 

Read more — সারাদেশ
Home