উত্তরা প্রতিদিন
ঢাকা

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

উত্তরা ডেস্ক ১২ নভেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ণ
ডিজিটাল সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় বিষয়ে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে ময়মনসিংহে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা দীন মোহাম্মদ দীনু।

কর্মশালায় জেলার ৩০ জন স্থানীয় গণমাধ্যম পেশাজীবী অংশ নেন। তাঁরা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, আইনি কাঠামো, সামাজিক দায়বদ্ধতা এবং তথ্যপ্রবাহে স্বচ্ছতার বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।

বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ডিজিটাল সহিংসতার ধরন, প্রভাব, প্রতিরোধ কৌশল এবং সাংবাদিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সংবাদ প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে জেন্ডার-ভিত্তিক সহিংসতা রোধে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। সঠিক তথ্য প্রচার, সমন্বিত উদ্যোগ ও সমাজে সচেতনতা বাড়ানোর মাধ্যমেই এ ধরনের সহিংসতা প্রতিরোধ সম্ভব।

বিএনএনআরসি ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার-বেইসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করে। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ, যা বাস্তবায়নে কারিগরি সহায়তা দিচ্ছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

Read more — সারাদেশ
Home