উত্তরা প্রতিদিন
ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ নভেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা রাতের আঁধারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ব্যাংকের কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার চান্দুরা এলাকায় চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ছাড়া টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষ জানালে, স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, কেউ আগুন দিয়েছে নাকি কোনোভাবে আগুন লেগেছে- সেটি আমরা এখন নিশ্চিত নই। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

Read more — সারাদেশ
Home