
২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে সাপাহারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে ১০ টায় উপজেলার জিরো পয়েন্টে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের ব্যাংকিং খাতে বিশ্বাস ও আস্থার প্রতীক ছিল। কিন্তু বিগত কয়েক বছরে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও এস আলম গ্রুপের অবৈধ নিয়োগের কারণে ব্যাংকটি গভীর সংকটে পড়েছে। অদক্ষ ও পক্ষপাতদুষ্ট নিয়োগের ফলে ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন।
বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ দেশের সব ব্যাংকে অবৈধ ও বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ বাতিল করে সারাদেশে সমান সুযোগের ভিত্তিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে ব্যাংক খাতে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে রাজনৈতিক প্রভাব ও গোষ্ঠীগত স্বার্থের বাইরে রেখে পুনঃরায় জনগণের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে দুর্নীতিবাজদের অপসারণ এবং যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে। তাহলেই ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ফিরবে এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক আব্দুল্লাহ আনছারী,জমিলা ট্রেডার্সের মালিক আলহাজ্ব রফিকুল ইসলাম, সৈনিক বস্ত্রালয়ের মালিক আব্দুর রহমান, সাপাহার আম আড়ৎদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত,প্রভাষক হাবিবুর রহমান,চাকুরি প্রত্যাশী আবুল কালাম আজাদ,আব্দুন নূর মোহাম্মদ আলীসহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।

