উত্তরা প্রতিদিন
ঢাকা

বরিশালে মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত

উত্তরা ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ণ
বরিশালে মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত

বাংলাদেশ এনজিওজ নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (BNNRC)-এর উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত হয়েছে “মাল্টিস্টেকহোল্ডার টকস”। আলোচনার মূল প্রতিপাদ্য ছিল প্রযুক্তির সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়।

এই টকস আয়োজন করা হয় বিএনএনআরসি’র ‘Strengthening Resilience against Technology Facilitated Gender Based Violence and Promoting Digital Development’ প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির অংশ, যার অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)। কারিগরি সহায়তা দিয়েছে GFA Consulting Group।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শিক্ষাবিদ, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, নারী নেতৃত্বাধীন এনজিও, নারী অধিকার সংগঠন, সনাক, সুজন, দি হাঙ্গার প্রজেক্ট, ওয়েব ফাউন্ডেশন প্রতিনিধি, অপরাজেয় বাংলাদেশসহ মোট ৪২ জন অংশগ্রহণ করেন। এছাড়াও যুব নেতৃত্ব, মিডিয়া পেশাজীবী, ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন স্পিড ট্রাস্টের মিশন প্রধান এএইচএম শামসুল ইসলাম। মূল অধিবেশন পরিচালনা করেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান, যেখানে টিএফজিবিভি’র সংজ্ঞা, ধরন, প্রভাব এবং বিদ্যমান আইনি ও নীতি কাঠামো নিয়ে আলোচনা হয়।

সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কোয়েনিগ কর্মসূচির লক্ষ্য, কাঠামো ও মূল নীতিমালা তুলে ধরেন। তিনি বলেন, সহযোগী অংশীদারিত্ব ও সহ-সৃষ্টি, কাউকে পিছনে ফেলে না যাওয়া এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা—এই তিন নীতিই সিইএফ-এর ভিত্তি।

লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী “পটুয়াখালীর বর্তমান অবস্থা: সুযোগ, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরবর্তী প্যানেল আলোচনায় টিএফজিবিভি মোকাবেলায় মাল্টিস্টেকহোল্ডারদের ভূমিকা, সমন্বিত পদক্ষেপ, ভাগাভাগি করা দায়বদ্ধতা ও উদ্ভাবনী কৌশলের ওপর জোর দেওয়া হয়।

বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন বলেন, “নারী-শিশুর পাশাপাশি পুরুষও টিএফজিবিভির শিকার হতে পারে। এ সমস্যার কার্যকর মোকাবেলায় নীতিনির্ধারক, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইমরান হোসেন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “টিএফজিবিভি প্রতিরোধে সকলের নিজ নিজ জায়গা থেকে সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

আলোচনা শেষে এনজিও কর্মী জিয়াউল আহসান ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন বলেন, “এ আয়োজন নাগরিক সমাজ ও সরকারি প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াবে। এর মাধ্যমে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।”

Read more — সারাদেশ
Home