
কিশোরগঞ্জের হোসেনপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেশকিছু দিন ধরে জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও মো. আজহারের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ দুপুরে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুই পক্ষই বিএনপি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়ে তারা।
সংঘর্ষের খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাজীপুর গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, নির্বাচন এখনো শুরুই হয়নি।
এর আগেই যদি প্রার্থী হওয়া নিয়ে মারামারি শুরু হয়, তাহলে নির্বাচনের সময় কি হবে? আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে চাই।
জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম রহিদ বলেন, সাবেক চেয়ারম্যান কুদ্দুছের লোকজন ও নতুন চেয়ারম্যান প্রার্থী আজহারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঠিক কি নিয়ে সংঘর্ষটা হলো তা বলতে পারছি না।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
উত্তরা / এ এম

