উত্তরা প্রতিদিন
ঢাকা

বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, আতঙ্কিত এলাকাবাসী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ
বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, আতঙ্কিত এলাকাবাসী

নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও গ্রামে লোকালয়ের ভেতর একটি বিশাল আকৃতির কুমির দেখা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) কুমির উদ্ধারের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পুনরায় এলাকায় আসছেন।

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করে গ্রামের ভেতরে কুমিরটিকে বিচরণ করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বিশাল আকৃতির কুমিরটিকে গ্রামের রাস্তায় ও আশপাশে ঘুরে বেড়াতে দেখেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। মুহূর্তের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেন।

স্থানীয়রা জানান, তিনগাঁও গ্রামের প্রায় তিন কিলোমিটার পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ এবং পাঁচ কিলোমিটার পশ্চিমে শীতলক্ষ্যা নদী অবস্থিত। অথচ সচরাচর এসব নদ-নদীতে কুমির দেখা যায় না। চারপাশের নদীগুলোর দূরত্ব এবং লোকালয়ের মাঝখানে কুমির আসার কোনো দৃশ্যমান উৎস না থাকায় কুমিরটি আসলে কোথা থেকে এল, তা নিয়ে হতবাক ও উদ্বিগ্ন এলাকাবাসী।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার জানান, উপজেলার মুছাপুর ইউনিয়নের তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমির দেখা যাওয়ার খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে বন্দর থানার ওসি ও প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়। এরপর বিষয়টি ঢাকার বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়।

রোববার বন্যপ্রাণী অধিদপ্তরের পরিদর্শক আবদুল্লাহ আস সাদিকের নেতৃত্বে একটি দল কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন। সারাদিন কুমিরের দেখা না পেয়ে তারা ঢাকা ফিরে যান। রোববার রাতে আবারও লোকালয়ে চলে আসে কুমিরটি। এরপর বন সংরক্ষণ কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়। বর্তমানে কুমিরটি পাশের একটি পুকুরে ঘাপটি মেরে রয়েছে। স্থানীয়দের পুকুরে নামতে নিষেধ করা হয়েছে।

 

কুমির উদ্ধারের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার (২১ সেপ্টেম্বর) পুনরায় আসছেন। তারা উদ্ধারের ব্যবস্থা করবেন।

তিনি বলেন, বন্দরে সাম্প্রতিক সময়ে কোনো বন্যা হয়নি। কুমির কীভাবে, কোথা থেকে এলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিছুদিন আগে বন্দরের সাবদি এলাকায় ব্রহ্মপুত্র নদে কয়েকটি কুমির দেখা গেছে। সেই কুমির হয়তো খাল দিয়ে বা অন্য কোনোভাবে তিনগাঁও গ্রামে আসতে পারে।

এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক জানান, রোববার সারা দিন কুমিরটিকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। পুকুরের পানিতে ডুবে থাকায় উদ্ধার করা সম্ভব হয়নি। কুমিরটি দেখা গেলে জাল দিয়ে আটকে রাখার জন্য স্থানীয়দের বলা হয়েছে। আজ উদ্ধারকারী দল আবারও ঘটনাস্থলে যাচ্ছে।

 

Read more — সারাদেশ
Home