উত্তরা প্রতিদিন
ঢাকা

পারিবারিক কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ণ
পারিবারিক কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম দফা জানাজা করা হয়েছে।

দাফন শেষে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, দ্রুত বিচার যাতে হয় বর্তমান প্রশাসনের কাছে এইটা আমার চাওয়া। আমার ছেলের বয়স মাত্র ১৩ বছর, সে এই বয়সে কোনো ক্রাইম তো করবেই না, না কোনো প্রেম ঘটিত কারণ থাকবে। সিসিটিভি ফুটেজ দেখে বুঝাই যাচ্ছে যে আনন্দে তাদের সঙ্গে যাচ্ছিলো সে।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার পেশায় ব্যবসায়ী।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। রাত পর্যন্ত অপ্রতিম বাসায় না ফেরায় তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখে তুহিন নামে একজনকে প্রথমে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনসহ মোট তিনজনকে আটক করা হয়।

Read more — সারাদেশ
Home