উত্তরা প্রতিদিন
ঢাকা

বিদ্যমান লাইনের ওপরই বসবে তার, চলবে বৈদ্যুতিক ট্রেন

ডিজেলের যুগ পেরিয়ে বিদ্যুতের পথে রেলওয়ে
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
বিদ্যমান লাইনের ওপরই বসবে তার, চলবে বৈদ্যুতিক ট্রেন

দেশের রেলপথে ডিজেলনির্ভরতার অবসানের প্রথম বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

‘ইমপ্লিমেন্টেশন অব ইলেকট্রিক ট্র্যাকশন অ্যালং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশন অব বাংলাদেশ রেলওয়ে’ শীর্ষক প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে বাস্তবায়ন করবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলে অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) উন্নয়ন সহায়তা হিসেবে ২ হাজার ৮৮০ কোটি ৪২ লাখ টাকা দেবে। বাকি ৯৪২ কোটি ৯ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ৩ হাজার ৪২৮ কিলোমিটার নেটওয়ার্কে ডিজেলচালিত ট্রেন চলছে। পুরোনো ডিজেল ইঞ্জিনের কারণে অনেক রুটে কাঙ্ক্ষিত গতিতে ট্রেন চালানো যাচ্ছে না। একই কারণে যাত্রীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ট্রিপ দেওয়াও সম্ভব হচ্ছে না। এসব সীমাবদ্ধতা কাটাতেই প্রথম ধাপে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটকে বৈদ্যুতিক ট্রেনের আওতায় আনা হচ্ছে।

 

প্রকল্পের আওতায় বিদ্যমান রেললাইনের ওপর স্থাপন করা হবে ‘ওভারহেড ওয়্যার’ বা ওভারহেড ক্যাটেনারি সিস্টেম। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্দিষ্ট দূরত্বে নির্মাণ করা হবে ‘ট্রাকশন সাবস্টেশন’। ফলে একই লাইনে চলতে পারবে পুরোনো ডিজেল ইঞ্জিন ও নতুন বৈদ্যুতিক ‘ইলেকট্রিক মাল্টিপল ইউনিট’ (ইএমইউ) ট্রেন। নতুন করে রেললাইন নির্মাণের প্রয়োজন হবে না বলে প্রকল্পের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

প্রকল্পের নথি অনুযায়ী, ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম নির্মাণের পাশাপাশি ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) সংগ্রহ এবং ইএমইউ মেরামত কারখানা নির্মাণ করা হবে। এর সঙ্গে যুক্ত হবে বৈদ্যুতিক ইঞ্জিন এবং কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা। অর্থাৎ শুধু ট্রেনের ইঞ্জিন পরিবর্তন নয়, বিদ্যুৎনির্ভর ট্রেন পরিচালনার প্রয়োজনীয় অবকাঠামোও গড়ে তোলা হবে।

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ট্রেনের গড় গতিবেগ বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস ও আয় বৃদ্ধি, কার্বন নিঃসরণ কমানো এবং সবুজ পরিবহন ব্যবস্থা গড়ে তোলাকে প্রকল্পের অন্যতম লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। একই সঙ্গে এ রুটে সড়ক পরিবহনের ওপর চাপ কমানো এবং বাংলাদেশ রেলওয়ের অপারেশনাল ইফিসিয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে। বিদ্যুতায়নের ফলে যাত্রার সময় কমবে, প্রতি ট্রেনের বহনক্ষমতা বাড়বে এবং পরিবহন ব্যয় কমবে বলে প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে।

 

আরও জানা গেছে, ডিজেলচালিত ট্রেনের তুলনায় বৈদ্যুতিক ট্রেনে জ্বালানি সাশ্রয় হবে ৪০ শতাংশ। বৈদ্যুতিক ট্রেন দ্রুত গতি তুলতে এবং দ্রুত থামতে পারায় স্টেশনে বিরতির পর অল্প সময়ের মধ্যেই সর্বোচ্চ গতিতে পৌঁছানো সম্ভব হবে। এতে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যাতায়াতের সময় অর্ধেকের বেশি কমে আসবে বলে আশা করা হচ্ছে।

শুধু পরিচালন ব্যয় নয়, রক্ষণাবেক্ষণেও সাশ্রয়ের কথা বলা হয়েছে প্রকল্প প্রস্তাবনায়। প্রকল্পের হিসাবে পরিচালন ব্যয় ৩৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে কার্বন নিঃসরণ ২০ থেকে ৩০ শতাংশ কমার কথা বলা হয়েছে।

যানজট কমানোর নতুন ট্রানজিট লিংক

ঢাকা এবং এর দুই পাশের শিল্পাঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জের মধ্যে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। একনেক সভার প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, এই রুটটি রাজধানী ও দুই শিল্পাঞ্চলের মধ্যে যানজট এবং সড়কে গাড়ির চাপ কমানোর গুরুত্বপূর্ণ ট্রানজিট লিংক হতে পারে।

ঘনবসতিপূর্ণ বাংলাদেশে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা বেশি হলেও পরিবহন খাতে বাংলাদেশ রেলওয়ের সেবা দেওয়ার সক্ষমতা তুলনামূলকভাবে কম। ফলে সরকারকে সড়ক অবকাঠামো খাতে বেশি বিনিয়োগ করতে হয়। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর দেশের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে যাত্রীচাপ, শিল্পাঞ্চল ও মোটরযানের ঘনত্ব বেশি এবং বিদ্যমান সড়ক ও রেলপথ চাহিদার তুলনায় অপর্যাপ্ত।

রেল নেটওয়ার্ক বিদ্যুতায়নের মাধ্যমে পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সড়ক খাতে সরকারের ব্যয় কমানো এবং জীবনমানের উন্নয়নের কথাও প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে। বৈদ্যুতিক ট্রেন চালু হলে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াতকারী হাজারো যাত্রী দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ গণপরিবহন সুবিধা পাবেন।

প্রস্তাবিত ডিপিপিতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ২৮২ কোটি ৮৬ লাখ টাকা এবং বাস্তবায়নকাল ছিল ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০৩৬ পর্যন্ত। এর মধ্যে জিওবি ১ হাজার ৪৫২ কোটি ২৫ লাখ টাকা এবং এডিবি ও ইআইবির প্রকল্প ঋণ ছিল ২ হাজার ৮৩০ কোটি ৬১ লাখ টাকা।

পুনর্গঠিত ডিপিপিতে প্রকল্প ব্যয় ৪৬০ কোটি ৩৫ লাখ টাকা বা ১২ দশমিক ০৪ শতাংশ কমেছে। এবছরের ২০ এপ্রিল প্রকল্পটির ওপর পিইসি সভা অনুষ্ঠিত হয় এবং সভায় প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়। বর্তমানে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ মেয়াদে বাস্তবায়নের প্রস্তাব করা হয়। নির্বাচনী ইশতেহারের যোগাযোগ ও পরিবহন খাতের রেল যোগাযোগ ব্যবস্থাকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার লক্ষ্যের সঙ্গেও প্রকল্পটি সংগতিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে রেলপথ বিদ্যুতায়নের আলোচনা অবশ্য কয়েক দশকের পুরোনো। ১৯৮৫ সালে জাইকার উদ্যোগে বাংলাদেশে রেলওয়ে ইলেকট্রিফিকেশন নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। পরে ২০০৯-১০ সালে সরকারি পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনার কথা প্রকাশ্যে আসে। ২০১২ সালে সরকারের পার্সপেকটিভ প্ল্যানেও রেলওয়েতে ইলেকট্রিক ট্র্যাকশন চালুর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। এরপর ২০১৫ সালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ইলেকট্রিক ট্র্যাকশন চালুর সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে।

বৈদ্যুতিক রেলের সম্ভাবনা বোঝাতে প্রকল্পের প্রতিবেদনে ভারতের উদাহরণও তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশটির ৬৫ হাজার ৩০০ কিলোমিটার ব্রডগেজ রেলপথের প্রায় ৯০ শতাংশ, অর্থাৎ ৫৮ হাজার ৮১২ কিলোমিটার বিদ্যুতায়ন করা হয়েছে।

দ্বিতীয় বৈদ্যুতিক ট্রেন যাবে চট্টগ্রামে

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরের পর দেশের ব্যস্ততম রেল করিডোর ঢাকা-চট্টগ্রামেও বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, চট্টগ্রাম-ঢাকা রুটে বৈদ্যুতিক ট্রাকশন চালুর জন্য সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশার কাজ শেষ হয়েছে।

সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও প্রকল্পের সময়সূচি নির্ধারণ করা হবে। এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা রুটেও বৈদ্যুতিক ট্রেন চলবে। এতে ট্রেনের গড় গতি বাড়ার পাশাপাশি যাতায়াতের সময় কমবে।

ফলে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে ৫২ কিলোমিটার বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগটি শুধু একটি নতুন ট্রেন চালুর প্রকল্প নয়; বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের ডিজেলনির্ভর পরিচালনা ব্যবস্থা থেকে বৈদ্যুতিক ট্রাকশনে যাওয়ার প্রথম বাস্তব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্পটির পরিচালক হাবিবুর রহমান বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে  বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যে ট্র্যাক রয়েছে, এটার উপরেই ওভারহেড ওয়্যার বসানো হবে। একই ট্র্যাকে সব ধরনের ইঞ্জিনই চলবে।

তিনি আরও বলেন, এটার ডিটেইল ডিজাইনও সম্পন্ন হয়েছে। এখন ইভেস্টমেন্ট প্রজেক্ট হবে। আশা করছি দ্রুততম সময়েই কাজ শুরু করতে পারবো।

সার্বিক বিষয়ে যোগাযোগ ও ট্রাফিক পরিবহন বিশেষজ্ঞ এবং বুয়েট সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ দেরিতে হলেও এটি একটি ভালো সুযোগ। এই রুট ঢাকার কাছাকাছি হওয়ায় অফিস সময়কে মাথায় রেখে ট্রেন পরিচালনা করা গেলে দূরবর্তী এলাকা থেকে মানুষ দ্রুত ঢাকায় আসতে পারবেন। এতে ঢাকার ওপর যাত্রী ও মানুষের চাপ অনেকটা কমবে এবং মানুষ ঢাকার বাইরে বসবাস করতেও স্বাচ্ছন্দ্যবোধ করবে। একই সঙ্গে রেললাইন তৈরির ক্ষেত্রে অফিসগামী যাত্রীদের চাপ কমানোর বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন।

বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগে বিলম্ব হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিলম্ব তো আমাদের হয়েছে। রেলের উন্নয়নও খুব একটা দ্রুত হয়নি। সেই জায়গা থেকে বৈদ্যুতিক ট্রেনের কথা— এটা একটা ভালো সুযোগ হিসেবে শুরু হচ্ছে আমাদের।

উত্তরা/এএইচ

Read more — জাতীয়
Home