
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ ও রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য ১২০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। একক প্রার্থী থাকা আসনে ভোটারদের মতামত জানানোর সুযোগ দিতে যুক্ত করা হয়েছে ‘না’ প্রতীক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৯৪-এ দেয়া ক্ষমতাবলে এ অধিকতর সংশোধনী প্রজ্ঞাপন প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯ এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীক তালিকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ২০-এর দফা (১) অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সংরক্ষিত ১২০টি প্রতীকের মধ্যে রয়েছে—আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, ফুলের মালা, বই, বক, বটগাছ, সাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফুলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, বালতি, বেবী টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি (কার), মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালি আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক ও ‘না’ প্রতীক।
এছাড়া প্রজ্ঞাপনে মনোনয়নপত্র ও হলফনামা দাখিলের বিধিতেও পরিবর্তন আনা হয়েছে। তফসিল-১ এর ফরম-১ এর তৃতীয় অংশে নির্বাচনি ব্যয়ের জন্য ব্যাংক হিসাব নম্বরের পাশাপাশি প্রার্থী অথবা তার নির্বাচনি এজেন্টের হিসাব নম্বর যুক্ত করার শর্ত রাখা হয়েছে।
হলফনামার সংযুক্তি-১ এর ৩(খ) অংশে বিশেষ দ্রষ্টব্যের ‘সংযুক্ত করিতে হইবে’ বাক্যটি পরিবর্তন করে ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ করা হয়েছে।
এছাড়া ৩(গ) অংশে নতুন দ্রষ্টব্য যুক্ত করে বলা হয়েছে, ‘অভিযুক্ত’ বলতে এমন আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত অভিযোগ বা চার্জ গঠন করেছে।
প্রজ্ঞাপনের ১০ নম্বর ক্রমিকের নতুন দ্রষ্টব্য অনুযায়ী, প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দাখিল করাও ঐচ্ছিক হিসেবে গণ্য হবে।

