
বিএনপির ঐক্য নষ্ট করতে জামায়াত নানা ধরনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াতের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আপনারা তারেক রহমানের বিএনপি করেন, রাশেদ খানের বিএনপি করার প্রয়োজন নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা ভুল করেছিলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি। এখন সবাইকে বিএনপির এক ছাতার নিচে এসে মূলধারার বিএনপি করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আপনারা আমাকে সহযোগিতা করলে কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে বিচার-সালিশের নামে কাউকে হয়রানি, চাঁদাবাজি, জুলুম বা নির্যাতন করা যাবে না। আমি ওয়াদা করছি, কারও সঙ্গে বৈষম্য করব না। অতীতের সবকিছু ভুলে বিএনপির সব নেতাকর্মীকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, রেজাউল ইসলাম, নজরুল মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল, মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. নুরুল ইসলামসহ একাধিক নেতাকর্মী মূলধারার বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেন।
উত্তরা /এএম

