
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্গাপুর উপজেলা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা দল। শনিবার বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
এসময় তিনি বলেন, রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
ভূমিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা সম্ভব। খেলাধুলার সুযোগ বাড়িয়ে তরুণদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানো সরকারের অন্যতম লক্ষ্য।
ফাইনালে পরাজিত দুর্গাপুর দলের খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে সবকিছুর আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।
রাজশাহীর ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের উন্নয়ন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি দ্রুত ফ্লাডলাইট সচল করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং জাতীয় পর্যায়ের ক্রিকেট দলগুলোর অংশগ্রহণে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীতে ১৬টি ছোট-বড় মাঠ রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব মাঠের অনেকগুলোই খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে দ্রুত এসব মাঠ সংস্কার করে সবুজ ও খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হবে।
ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহীর বিভিন্ন কলেজ ও স্কুলে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দেন ভূমিমন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর ও পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দুর্গাপুর উপজেলা দলের পলাশ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের জুবায়ের। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন মোহনপুর দলের বাদল এবং সেরা গোলকিপার হয়েছেন একই দলের আবু রায়হান।

