উত্তরা প্রতিদিন
ঢাকা

স্বর্ণালংকার ছিনতাইয়ে গ্রেপ্তার ছাত্রদল-বিএনপি নেতা কারাগারে

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ
স্বর্ণালংকার ছিনতাইয়ে গ্রেপ্তার ছাত্রদল-বিএনপি নেতা কারাগারে

প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় রিমান্ড শেষে একই থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে আইনজীবী আব্দুর রহমান তাদের জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে তিনি উল্লেখ করেন, আদালতের বাইরে আসামি ও বাদীর মধ্যে আপস-মীমাংসা হয়েছে। তারা জামিন পেলে পলাতক হবেন না। এ সময় বাদী মো. সুমন আদালতে উপস্থিত ছিলেন।

তিনি আদালতকে জানান, আসামিরা জামিন পেলে তার কোনো আপত্তি নেই। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে বিমানবন্দরের ১ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৯ দশমিক ৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। পরদিন রবিবার তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার বিবরণে বলা হয়েছে, মালয়েশিয়া প্রবাসী কাউসার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণের গয়না পাঠান। পরে তার ছোট ভাই মো. সুমন তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে সেদিন রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণের গয়না ও বন্ধু রোহানের কাছে থাকা আরও ১০০ গ্রাম গয়না নিয়ে ভাড়া করা হায়েস গাড়িতে ওঠেন। রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে আসামিরা তাদের গাড়ির গতিরোধ করেন।

এ সময় আসামিরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোক পরিচয় দিয়ে এবং তাদের কাছে বোমা রয়েছে বলে ভয় দেখান। পরে তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আসামিরা তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণের গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী সুমন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা করেন।

 

 

Read more — সারাদেশ
Home