উত্তরা প্রতিদিন
ঢাকা

শ্রমিক লীগ সভাপতির বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩১ আগস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ণ
শ্রমিক লীগ সভাপতির বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পারভেজের বিরুদ্ধে জায়গা দখল, মামলা, হামলা ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করেছেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবারের সদস্যরা এসব হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এই যুবদল নেতা।

রোববার (৩০ আগস্ট) রাতে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাজমুল হোসেন।

 

গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেলেও পারভেজ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হওয়া সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছেন।

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন অভিযোগ করেন, তাদের পৈতৃক জায়গা দীর্ঘদিন ধরে জঙ্গলখাইন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পারভেজের বাবা আবু বক্কর দখল করে রেখেছিলেন। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে ২০১৬ সালে জায়গাটি তাদের ভোগদখলে আসে। এরপর থেকেই আওয়ামী লীগ সরকারের আমলে পারভেজ বিভিন্নভাবে মামলা, হামলা ও হয়রানি করে আসছেন বলে অভিযোগ তার।

নাজমুল হোসেনের দাবি, তাদের পুকুরের মাছ তিন দফায় বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেলেও পারভেজ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হওয়া সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছেন। এখনো তিনি ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন নাজমুল।

 

নাজমুল হোসেনের অভিযোগ, পারভেজের বাবা ২০১৩ সালে মুক্তিযোদ্ধার সনদ পাওয়ার পর কোটায় চাকরি নিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এক বিচারকের গাড়িচালক হিসেবে কর্মরত হন। এরপর থেকে বিচারকের নাম ভাঙিয়ে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছেন এবং কথায় কথায় মামলার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

নাজমুল হোসেন নিজেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার বলে জানিয়েছেন। বর্তমান সংসদ সদস্য এনামুল হক এনামের সঙ্গে অতীতে রাজনৈতিক মামলায় তিনি নিজেও আসামি ছিলেন বলে উল্লেখ করেন।

 

শ্রমিক লীগ নেতা পারভেজের নেতৃত্বে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

 

নাজমুল হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের কারণে তিনি ও তার পরিবার এখনো নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ধীমান বড়ুয়া, উপজেলা যুবদল নেতা মো. জাবেদ, ইউনিয়ন যুবদল নেতা রিমন, শারমিনসহ নাজমুলের পরিবারের সদস্যরা।

এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান পারভেজের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ফোন রিসিভ করে প্রতিবেদকের পরিচয় জানার পর নিজেকে অসুস্থ দাবি করে পরে বক্তব্য দেবেন বলে জানান।

 

Read more — সারাদেশ
Home