উত্তরা প্রতিদিন
ঢাকা

অনুমতি ছাড়া শতবর্ষী গাছ কাটায় থানায় মামলা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ আগস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ণ
অনুমতি ছাড়া শতবর্ষী গাছ কাটায় থানায় মামলা

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের অনুমতি না নিয়ে শতবর্ষী একটি পুরোনো বট গাছ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) সকালে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের নাম উল্লেখ্য করে আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের লিজ নেওয়া জায়গায় মা অটো রাইস মিলের অবস্থান। ওই মিল চত্বরে একটি শতবর্ষী বিশাল বটগাছ ছিল। সোমবার থেকে মিল মালিক সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন কোনো ধরনের সরকারি বা রেলওয়ের অনুমতি ছাড়াই গাছটি কাটা শুরু করেন। পরদিন মঙ্গলবারও গাছ কাটার কাজ চলতে থাকে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ভৈরব ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ভূমি অফিস থেকে পালিয়ে যান।

 

ভৈরব রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম শেখ জানান, রেলওয়ের জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছটি কাটা হচ্ছিল। খবর পেয়ে অভিযুক্তকে আটক করে ভূমি অফিসে আনা হলে তিনি সুযোগ বুঝে পালিয়ে যান। এই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো দেখা যায়। এসময় গাছের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের জন্য ভূমি অফিসে আনা হয়েছিল। কিন্তু তিনি ফাঁক বুঝে পালিয়ে যান। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

 

Read more — সারাদেশ
Home