উত্তরা প্রতিদিন
ঢাকা

নোবিপ্রবিতে সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ আগস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ
নোবিপ্রবিতে সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হলের সিট নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই গ্রুপ। অন্তত পাঁচজন এতে আহত হয়েছেন।

গতকাল সোমবার গভীর রাতে ও মঙ্গলবার দিনভর বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় এই সংঘর্ষ হয়। 

 

আহত তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, নোবিপ্রবি শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ১৮তম ব্যাচের আনিসুর রহমান সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ফলিত গণিত বিভাগের ১৫তম ব্যাচের জাহিদুল ইসলাম হাসান এবং ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফ হাসান।

 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে আব্দুল মালেক হলের একটি কক্ষের সিট বদলানো নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সিনিয়র-জুনিয়রদের মধ্যে তর্ক বাঁধে। এর জেরে সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের হাতাহাতি হয়।

 

এ সময় সাব্বির হোসেন শান্তর গ্রুপ বহিরাগতদের ডেকে এনে হামলা করেন বলে অভিযোগ জাহিদ-হাসিবুল গ্রুপের। এর জেরে নোবিপ্রবির মালেক হল ও সালাম হলে ব্যাপক ভাঙচুর চালায় দুই পক্ষ। দুপুরে অডিটোরিয়াম থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষ। 

নোবিপ্রবি সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার তদন্ত হবে। এজন্য গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। আগামী তিন কার্যদিবসের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বললেন, ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Read more — সারাদেশ
Home