
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনিও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যাবেন। এদিকে ঘটনার বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিস্ফোরণের কারণ এবং আহত শ্রমিকদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

