
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় আনন্দ-উল্লাসে মেতেছেন তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ ও বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, স্লোগান ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় নেতাকর্মীদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পরপরই ঠাকুরগাঁও শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, শুধু ঠাকুরগাঁওয়ের মানুষ নয়, সারাদেশের মানুষ এই আনন্দে উচ্ছ্বসিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন রাজনীতি করেছেন, নানা প্রতিকূলতার মধ্যে সংগ্রাম করেছেন এবং জেলও খেটেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে যোগ্য মানুষকে যোগ্য জায়গায় পৌঁছানো হয়েছে বলে আমরা মনে করি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। তার রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। আমরা মনে করি, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত। তবে এই আনন্দ শুধু আমাদের পরিবারের নয়, ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। তার এই মনোনয়নে আমরা সবার কাছে দোয়া ও শুভকামনা চাই। এদিকে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আনন্দ প্রকাশ করেন। দিনভর জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস অব্যাহত থাকে।

