উত্তরা প্রতিদিন
ঢাকা

স্বাস্থ্য বিভাগের অভিযানে দুই হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২২ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ
স্বাস্থ্য বিভাগের অভিযানে দুই হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন।

অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুমের অনুপস্থিতি এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতাল নামের একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন,‘আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কর্তব্যরত চিকিৎসক এবং লেবার রুমও পাওয়া যায়নি। এছাড়া তিনটি প্রতিষ্ঠানেরই প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে একাধিক অনিয়ম ধরা পড়ে।’

তিনি আরও বলেন, ‘মানিকগঞ্জে জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Read more — সারাদেশ
Home