উত্তরা প্রতিদিন
ঢাকা

পুলিশ দেখে ভবন থে‌কে লাফ, প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেষ্ক ২১ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
পুলিশ দেখে ভবন থে‌কে লাফ, প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

পুলিশ দেখে ভবনের ছাদ থেকে লাফ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে নিজ বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত রাশেদ খান মেনন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ করেছেন। তারা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন। তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, মেনন রাজনৈতিক একাধিক মামলার আসামি ছিলেন এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ জানান, রবিবার দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডে মেননের বাসায় পুলিশের একটি দল যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি আত্মগোপনে যান। ফলে তাকে গ্রেপ্তার না করেই পুলিশ ফিরে আসে।

 

 

ওসি সনজিত নাথের ভাষ্য, ‘পুলিশ মেননের বাসার সামনে গিয়ে ফিরে আসে। তার কিছুক্ষণ পরে খবর আসে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন বাসার ছাদ থেকে পড়ে গেছেন এবং তাকে উদ্ধার করে স্বজনেরা শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।’

 

সনজিত নাথের প্রাথমিকভাবে ধারণা, পুলিশ আসার খবর পেয়ে আতঙ্কিত হয়ে মেনন ছাদে ওঠেন এবং সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি লাফ দিলে গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

Read more — সারাদেশ
Home