উত্তরা প্রতিদিন
ঢাকা

যুবদলের ৫ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেষ্ক ২০ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ণ
যুবদলের ৫ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

নাটোরের গুরুদাসপুর পৌর সদর চাঁচকৈড় এলাকায় যুবদলের পাঁচ নেতার মাদক (গাঁজা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

মাদক সেবনের এই ভিডিওতে চিহ্নিত হওয়া ব্যক্তিরা হলেন- স্থানীয় যুবদল নেতা ফারুক, জিয়াউর রহমান জিয়া, আরিফসহ পাঁচজন। 

তারা সবাই গুরুদাসপুরের বাণিজ্যিক কেন্দ্র চাঁচকৈড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি গোপন কক্ষে যুবদলের এই পাঁচ নেতা অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে গাঁজা প্রস্তুত ও সেবন করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তা স্থানীয় সচেতন মহলে আলেচনার ঝড় তোলে। একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মীর কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করছেন স্থানীয়রা।

এই ঘটনা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা মাদক সেবনের মতো অপরাধে লিপ্ত থাকে, তাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। অবিলম্বে এদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত। 

 

এই বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, ঘটনা এখন পর্যন্ত পুলিশের নজরে আসেনি। আসলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

এএম 

Read more — সারাদেশ
Home