উত্তরা প্রতিদিন
ঢাকা

ঈশ্বরদীতে দাদী-নাতনি খুনের মামলার আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ
ঈশ্বরদীতে দাদী-নাতনি খুনের মামলার আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যা মামলার অভিযুক্তের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে থেকে পাবনা-দাশুড়িয়া মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।

এসময় টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। পরে পুলিশের হস্তক্ষেপে তিন ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

বিক্ষোভকারীদের ভাষ্য, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদিকে হত্যা করে নাতিকে ধর্ষণের পর হত্যা করে চাচা শরিফুল ইসলাম শরীফ। ঘটনার প্রায় চার মাস পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।

এদিকে অবরোধের খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে এসে নিহতদের স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। মামলার অগ্রগতির বিষয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

অতিরিক্ত পুলিশ সুপার জানালেন, আগামী সাত দিনের মধ্যে মামলার প্রয়োজনীয় কিছু তথ্য হাতে আসলেই মামলার চার্জশিট প্রদান করা হবে। আশা করা যাচ্ছে দ্রুতই আসামির সর্বোচ্চ শাস্তি দেবে আদালত।

Read more — সারাদেশ
Home