উত্তরা প্রতিদিন
ঢাকা

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

ফুটবলপ্রেমী আর্জেন্টিনা সমর্থকদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলার দিনগুলোতে তিনি সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও দন্ত চিকিৎসায় বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি বলেন, আর্জেন্টিনার জার্সি পরে অথবা নিজেকে দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে তার ব্যক্তিগত চেম্বারে আসা রোগীরা বিনা ভিজিটে দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন সমস্যার চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় দন্ত চিকিৎসা সেবায়ও বিশেষ ছাড় পাবেন তারা।

এ বিষয়ে ডা. শরীফ হোসাইন বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, আসুন আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি। পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নিই। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের সবার কাম্য।

চিকিৎসকের এমন ব্যতিক্রমী ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নানা ধরনের অফারের মধ্যে একজন চিকিৎসকের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Read more — সারাদেশ
Home