উত্তরা প্রতিদিন
ঢাকা

যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

পদ্মায় আবার পড়ল বাস
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

মাত্র আড়াই মাস আগে দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে ২৬ জনের প্রাণহানির ঘটনায় স্তব্ধ হয়েছিল দেশ। এর রেশ না কাটতেই ফের দুর্ঘটনা এ ঘাটে। ফেরিতে উঠতে গিয়ে আবারও পদ্মা নদীতে পড়ে গেছে বাস। তবে এবার রক্ষা পেয়েছেন বাসের ৩৭ যাত্রী।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পড়ে যায় বাসটি। ঘাটে পৌঁছে যাত্রীরা আগেই বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির র‍্যাম্পে সজোরে আঘাত করে সেটি সরাসরি পদ্মায় তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, মুহূর্তের মধ্যে ঘাট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের জন্য অনেকের মনে ফিরে আসে গত ২৫ মার্চের ভয়াবহ সেই দুর্ঘটনার স্মৃতি, যখন সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মায় পড়ে ২৬ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

 

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেছেন, বাসটিতে ৩৭ যাত্রী ছিলেন। ঘাটে পৌঁছানোর পর সবাই নেমে যান। ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায় বাসটি। ভেতরে ছিলেন চালক ও তার সহকারী। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেছেন, নিখোঁজ আছে এমন তথ্য নেই। কেউ দাবিও করেনি। বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Read more — সারাদেশ
Home