উত্তরা প্রতিদিন
ঢাকা

চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের ভিড়

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৯ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের ভিড়

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় আনা বিরল অ্যালবিনো মহিষটি ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ঈদের ছুটিতে মহিষটিকে একনজর দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

তবে মহিষটির কারণে চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা বেড়েছে কি না—এ বিষয়ে নিশ্চিত নন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। তিনি বলেন, “আমরা এমনটা মনে করছি না। সাধারণত ঈদের পর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়। আজ বিকেলের দিকে আরও ভিড় বাড়বে। আমরা আশা করছি প্রতি বছরের মতো আজ লক্ষাধিক দর্শনার্থীর উপস্থিতি হবে।”

প্রায় ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের ঢেউখেলানো চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে।

ব্যতিক্রমধর্মী চেহারার কারণে মহিষটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনায় আসে। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমেও মহিষটির ভিডিও প্রচার করা হয়।

মূলত কোরবানির জন্য বিক্রি করা হলেও মহিষটিকে দেখতে মানুষের উপচে পড়া ভিড় এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

পরে মহিষটির ক্রেতাকে প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার (২৭ মে) রাতে আনুষ্ঠানিকভাবে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Read more — সারাদেশ
Home