উত্তরা প্রতিদিন
ঢাকা

যশোরে বৈছাআ নেতা রাশেদের বাড়িতে হামলা, পরিদর্শনে গেলেন জ্বালানি প্রতিমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৬ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
যশোরে বৈছাআ নেতা রাশেদের বাড়িতে হামলা, পরিদর্শনে গেলেন জ্বালানি প্রতিমন্ত্রী

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যশোরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার তার বাসা পরিদর্শনে গিয়ে সার্বিক খোঁজখবর নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাশেদ খান যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এর ধারাবাহিকতায় সোমবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে প্রতিবেশী মনা, ইমন ও জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তার বাড়ির পাশের দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করেন।

রাশেদ খানের দাবি, গালিগালাজে প্রতিবাদ জানালে হামলাকারীরা তাকে মারধর করে। পাশাপাশি তার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির প্রাচীর ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল নিয়ে তার দিকে এগিয়ে আসেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

রাশেদ খানের ভাষ্য, ঘটনার পরও অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর মঙ্গলবার সকালে ঢাকা থেকে যশোরে গিয়ে রাশেদ খানের পরিবারের সঙ্গে দেখা করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, অন্যায়কারীরা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি প্রশাসনকে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ সময় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাশেদ খান বলেন, দুঃসময়ে পাশে দাঁড়ানোয় তার পরিবার সাহস ও সমর্থন পেয়েছে।

Read more — সারাদেশ
Home