উত্তরা প্রতিদিন
ঢাকা

কমিউনিটি রেডিও সম্প্রচারকদের জন্য কনটেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানিং কর্মশালা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ণ
কমিউনিটি রেডিও সম্প্রচারকদের জন্য কনটেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানিং কর্মশালা

প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) মোকাবিলা ও ডিজিটাল উন্নয়নকে অগ্রসর করতে কমিউনিটি রেডিও সম্প্রচারকদের জন্য দুই দিনব্যাপী কনটেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালা গত ১০ সেপ্টেম্বর ঢাকায় শুরু হয়।

কর্মশালায় দেশের নয়টি কমিউনিটি রেডিও স্টেশন থেকে ১৮ জন সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার ও স্টেশন ম্যানেজার অংশ নেন। অংশগ্রহণকারীরা শ্রোতা-কেন্দ্রিক অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরির কৌশল শেখেন, যা TFGBV মোকাবিলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নকে ত্বরান্বিত করবে।

স্বাগত বক্তব্যে বিএনএনআরসি’র প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। উদ্বোধনী সেশনটি সঞ্চালনা করেন উন্নয়ন পরামর্শক রেহান উদ্দিন রাজু।

প্রথম দিনের আলোচনায় TFGBV-এর প্রেক্ষাপট, ধরন, প্রভাব ও প্রতিরোধের চ্যালেঞ্জ, ডিজিটাল উন্নয়ন এবং বিদ্যমান আইন সম্পর্কে বিশদ আলোচনা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন— ইউএনএফপিএ’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবু সাঈদ সুমন, আইন বিশেষজ্ঞ শারমিন খান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট-এর কো-অর্ডিনেটর ইমাম হোসেন এবং রেডিও স্বাধীন-এর প্রোগ্রাম প্রধান শাকিল আহমেদ।

দ্বিতীয় দিনে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা, আইনী সেবা প্রাপ্তির প্রক্রিয়া এবং রেডিও ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর কার্যকর কৌশল নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুবাশশিরা হাবিব খান, রেডিও বিশেষজ্ঞ আমীন আল রাশীদ ও শাহনাজ শারমিন।

কর্মশালায় দলীয় কাজের মাধ্যমে রেডিও অনুষ্ঠানের ইস্যু নির্বাচন, প্রযোজনা ও সম্প্রচারের কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর যুগ্ম সচিব ও পরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে আমরা যেমন এগিয়ে যাচ্ছি, তেমনি নতুন ধরনের সহিংসতা ও হয়রানিরও শিকার হচ্ছি। এ অবস্থায় TFGBV প্রতিরোধ ও ডিজিটাল উন্নয়নকে একসঙ্গে প্রমোট করা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।”

তিনি আরও আশা প্রকাশ করেন, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরিতে কমিউনিটি রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শেষ হয়।

উল্লেখ্য, কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (TFGBV) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায়। এটি সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির অংশ, যা বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA Consulting Group এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)।

Read more — সারাদেশ
Home