
রাজশাহী বিশ্ববিদ্যালয় হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিনব্যাপী ফ্রি হেল্থক্যাম্প শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অনুষ্ঠিত হয় প্রথমদিনের ক্যাম্প। হেল্থক্যাম্পে রক্তের গ্লুকোজ , রক্তের চাপ পরীক্ষা, দাঁত পরীক্ষা ইত্যাদি সেবা ফ্রিতে প্রদান করা হয়। দুদিনব্যাপী এই হেল্থক্যাম্পের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক উত্তরা প্রতিদিন।
প্রথমদিনের ক্যাম্পে সেবাগ্রহণকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবের বলেন, 'বেশকিছু দিন ধরে আমার দাঁতের ব্যথা হচ্ছিল। আজকে এখানে দেখানোর পর সমস্যাটা জানতে পারলাম। নার্সরা কিছু প্রাথমিক পরামর্শ দিলেন। ক্যাম্পাসে এ ধরনের সেবামূলক কার্যক্রম আমরা আরও প্রত্যাশা করি।'
সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীদের সেবা দানের লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা সাধারণত অসুস্থ হওয়ার পর চিকিৎসা করাই। হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য হচ্ছে সচেতনতার মাধ্যমে অসুস্থতা প্রতিরোধ করা। আমাদের ক্যাম্পে রাজশাহী মেডিকেল থেকে ডেন্টিস্টরা এসে সেবা দিচ্ছেন।'
তিনি আরও বলেন, দুদিনব্যাপী আমাদের আয়োজনের প্রথমদিন ছিল বুধবার। বৃহস্পতিবারও সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই ক্যাম্প। এখানে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনে সার্ভিস দেওয়া হচ্ছে। প্রত্যেককে একটি করে পেপসোডেন্টও দেওয়া হচ্ছে। এ আয়োজন এবারই প্রথম। এরপর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আমীরুল ইসলাম কনক। এ ছাড়াও সংগঠনটির উপদেষ্টা- ফার্মেসি বিভাগের অধ্যাপক আজিজুর রহমান শামীম, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম প্রমুখ।
দুদিনব্যাপী এই হেল্থক্যাম্পের মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক উত্তরা প্রতিদিন ছাড়াও আছে দৈনিক খবরের কাগজ, যমুনা টেলিভিশন, এখন টিভি ও রেডিও পদ্মা।

