উত্তরা প্রতিদিন
ঢাকা

শাপলা গণহত্যার ভিডিও আলামত ট্রাইব্যুনালকে দেবে ইসলামিক টিভি

উত্তরা ডেস্ক ১৮ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ণ
শাপলা গণহত্যার ভিডিও আলামত ট্রাইব্যুনালকে দেবে ইসলামিক টিভি

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ গণহত্যার ঘটনার ভিডিও আলামত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেবে বলে জানিয়েছেন ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শামস ইস্কান্দার।

সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শামস ইস্কান্দার বলেন, শাপলা চত্বরে হামলার সময় ইসালমিক টিভির ক্যামেরাম্যান, নিউজের টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনার লাইভ সম্প্রচার চলছিল। ঐদিন রাতেই সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোক এসে আমাদের অফিস প্রচুর ভাঙচুর করে, আমাদের ব্রডকাস্টের ইকুইপমেন্ট, কম্পিউটার, এডিটিং প্যানেলসহ অফিস তছনছ করে টিভি বন্ধ করে দেওয়া হয়। এসব ব্যাপারে চিফ প্রসিকিউটর জানতে চেয়েছেন। আমাদের কাছে যে যে আলামত আছে সেগুলো সেইফগার্ড করে রাখতে বললেন তিনি। প্রসিকিউটর যারা আছেন, তারা আমাদের থেকে কালেক্ট করে নেবেন এবং ওগুলা আমরা দিয়ে তদন্তে সহযোগিতা করবো।

ওইদিন ইসামলিক টিভির বিরুদ্ধে কি অভিযোগ ছিল, কেনো বন্ধ করা হয়? এর জবাবে শামস ইস্কান্দার বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা উসকানিমূলকভাবে ঘটনা দেখাচ্ছিলাম।

একটা লাইভ ইভেন্ট ঘটনা ঘটছে, এটাকে কিভাবে আপনি উসকানিমূলকভাবে প্রেজেন্ট করবেন? এটা তো সম্ভব না, ন্যাচারাল জিনিস ঘটছে। এটাকে আপনি ক্যামেরায় দেখাচ্ছেন, এখানে তো উসকানি দেওয়ার কোনো বিষয় নেই এবং আর বাকি চ্যানেলগুলো সেই সময় যা যা ব্রডকাস্ট করেছে, আমরা তা- তার চেয়ে কম করেছি, কারণ তখন আমাদের ইকুইপমেন্টস এত উন্নত ছিল না। মূলত পারিবারিক কারণে ইসলামিক টিভি বন্ধ করা হয়েছিল।

শাপলা চত্বর মামলার সাক্ষ্য দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, যদি প্রসিকিউশন চায় তাহলে সাক্ষ্য দিতে প্রস্তুত। ইসামলিক টিভির প্রতিনিধিরা যা দেখেছেন ন্যায়বিচারের স্বার্থে তা তুলে ধরা হবে।

 

Read more — জাতীয়
Home