উত্তরা প্রতিদিন
ঢাকা

স্ত্রীসহ পলকের আয়কর নথি জব্দের আদেশ

উত্তরা ডেস্ক ১৮ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
স্ত্রীসহ পলকের আয়কর নথি জব্দের আদেশ

 

​সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার গত ১৫ বছরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আরিফা জেসমিনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের নামীয় মূল আয়কর নথির ২০০৮-২০০৯ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র বা তথ্য জব্দ করা একান্ত প্রয়োজন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগের তদন্ত চলছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের আয়কর নথিগুলো জব্দ করা না হলে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ লোপাটের সম্ভাবনা রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

রাজনীতি/একে

Read more — আইন-আদালত
Home