উত্তরা প্রতিদিন
ঢাকা

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

উত্তরা ডেস্ক ১৭ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

 চলতি বছর বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দেবে বলে জানিয়েছে দুবাইয় ট্যাক্সি কোম্পানি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের সময় এ তথ্য জানায়। রবিবার (১৭ মে) মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মন্ত্রী দুবাই থেকে আগত প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। এই পুরো প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন মন্ত্রী। দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন। দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হ। বর্তমানে তাদের প্রতিষ্ঠানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মীর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। তারা আরও জানান, আগামীকাল থেকে শুরু হওয়া ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন করে দেড় ১ হাজার চালক যাচাই-বাছাই করা হবে। চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগে তারা আগ্রহী। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুবাই যেতে একজন বাংলাদেশি চালকের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যেতে হয়। তাই অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ-এর প্রতিনিধিরা জানান, ড্রাইভারের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও তারা আগ্রহী। সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
Home