উত্তরা প্রতিদিন
ঢাকা

শিক্ষক সংকট কাটাতে প্রাথমিক বিদ্যালয়ে ফিরছেন অবসরপ্রাপ্তরা

উত্তরা ডেস্ক ১৪ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
শিক্ষক সংকট কাটাতে প্রাথমিক বিদ্যালয়ে ফিরছেন অবসরপ্রাপ্তরা

শিক্ষকদের শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটিসহ নানা কারণে প্রায়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ব্যাহত হয়। এতে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ায় ঘাটতি তৈরি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে রিসোর্স পুল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর (ডিপিই) বলছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দেখা দিলে অবসরপ্রাপ্ত শিক্ষকরাই পাঠদান কার্যক্রমে অংশ নেবেন। ইতোমধ্যে অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষককে নিয়ে রিসোর্স পুল গঠনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। রিসোর্স পুলে অন্তর্ভুক্তির জন্য চারটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো— প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে; বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, রিসোর্স পারসন হিসেবে কাজ করার আগ্রহ থাকতে হবে এবং অ্যাকাডেমিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বার্ষিক প্রতিবেদন-২০২৪ অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন এবং শিক্ষক রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৬৫ হাজারের বেশি অনুমোদিত পদের মধ্যে ৩৪ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য। মূলত মামলা-সংক্রান্ত জটিলতার কারণে এসব পদে নিয়োগ বা পদোন্নতি কার্যক্রম স্থগিত রয়েছে। একই সঙ্গে প্রায় সাড়ে ২০ হাজার সহকারী শিক্ষকের পদও খালি রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিভিন্ন কারণে শিক্ষকসংকট তৈরি হলে শিখন কার্যক্রমে বিঘ্ন ঘটে। এ ছাড়া দেশের প্রায় ৫২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। রিসোর্স পুল গঠন করা হলে এই সংকট আংশিকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিখন ঘাটতি দূর করতেই রিসোর্স পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে দেশের বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সচল রাখতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশনাও দেওয়া হয়েছিল।

 

এ বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের গঠন করা প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক পরামর্শক কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমেদ বলেন, শিক্ষকসংকটের কারণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানের শিক্ষা পাচ্ছে না। মৌলিক দক্ষতার ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছে। শিক্ষকসংকটের স্থায়ী সমাধান প্রয়োজন। তবে আপৎকালীন ব্যবস্থা হিসেবে রিসোর্স পুল গঠনের উদ্যোগ ইতিবাচক পদক্ষেপ।

 

Read more — শিক্ষা
Home