উত্তরা প্রতিদিন
ঢাকা

জুলাই মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

উত্তরা ডেস্ক ১৩ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
জুলাই মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

 

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হলো।

বিচারপতি মো. গোলাম মর্তজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট—এই তিন দিনে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় পৃথক ঘটনায় ১০ জন নিহত হন। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

মামলায় শামীম ওসমানের পাশাপাশি তাঁর ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিরা অস্ত্রধারী ছিলেন এবং গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালান, যাতে বহু মানুষ আহত হন।

প্রসিকিউশনের দাবি, এ ঘটনার অন্যতম প্রধান আসামি শামীম ওসমান। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-এর সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। সংশ্লিষ্ট কল রেকর্ড ও সিডিআর ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলেও জানায় প্রসিকিউশন।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, অভিযুক্তরা নারায়ণগঞ্জের একাধিক এলাকায় হামলা ও হত্যাকাণ্ড চালায়। শুরুতে ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহর এলাকায় সহিংসতা শুরু হলেও পরে তা সিদ্ধিরগঞ্জ ও চিটাগং রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে।

আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আসামিরা সবাই পলাতক থাকায়, তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

Read more — আইন-আদালত
Home