উত্তরা প্রতিদিন
ঢাকা

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশির মৃত্যুতে ঢাকার তীব্র নিন্দা

উত্তরা ডেস্ক ১২ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ
লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশির মৃত্যুতে ঢাকার তীব্র নিন্দা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলা ও তাতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।

নিহত দুই বাংলাদেশি হলেন—সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

বিবৃতিতে বলা হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে।

এতে আরও বলা হয়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশ পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় দিপালী নামে আরও এক বাংলাদেশি নারী নিহত হয়েছিলেন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে।

Read more — জাতীয়
Home