উত্তরা প্রতিদিন
ঢাকা

জুলাই জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে: স্পিকার

উত্তরা ডেস্ক ১২ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
জুলাই জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে: স্পিকার

 

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই স্মৃতি জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। ভবিষ্যতে এটি দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এ চিঠি ছিল, তারা তাদের বাবা-মায়ের উদ্দেশে চিঠি লিখে গিয়েছেন। গণভবনের উদ্দেশে ছুটে আসা লাখো মানুষের রাজপথের চিত্রও অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে ধারণ করা হয়েছে। এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।

স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ এবং সে সময়ের বিভিন্ন তথ্য-উপাত্ত ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার ভাষ্য, এ জাদুঘর গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

তিনি অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংস দমন-পীড়নের নির্দেশনা দিয়েছেন বলে বিভিন্ন তথ্য ও উপাত্ত রয়েছে। এ বিষয়ে সংরক্ষিত অডিও রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, জুলাই জাদুঘর গণআন্দোলনের স্মৃতি ও পরিবর্তনের প্রতীক হিসেবে কাজ করবে।

পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে।

 

Read more — জাতীয়
Home