উত্তরা প্রতিদিন
ঢাকা

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

উত্তরা ডেস্ক ৭ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। এতে বলা হয়, ৭ জুন রোববার বিকেল তিনটা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬-২৭ অর্থবছরের বাজেট) অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর দিন ৭ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন। বাজেট অধিবেশন হওয়ায় অধিবেশনটি দীর্ঘ হবে। ওই দিন অধিবেশন বসার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। নতুন সরকারের প্রথম অধিবেশনে ৯৪টি বিল পাস হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ২০২৪ সালের জুন মাসে সর্বশেষ সংসদে পেশ করেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়। এরপর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রাজনীতি/একে

Read more — জাতীয়
Home