উত্তরা প্রতিদিন
ঢাকা

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৬ বার

উত্তরা ডেস্ক ৭ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
 সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৬ বার

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৬ বারের মতো পেছাল। আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জুন দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে নির্ধারিত দিনে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ তারিখ ধার্য করেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে মামলাটিতে ১২৬ বার তদন্ত প্রতিবেদন জমার সময় পেছালো।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিন র‌্যাব মামলাটির তদন্ত করলেও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছ থেকে সরিয়ে নেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

সেই সময় আদালত ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময় বাড়ানোর আবেদন করে। পরে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট আরও ছয় মাস সময় মঞ্জুর করেন।

তবুও তদন্ত শেষ না হওয়ায় গত ২৩ অক্টোবর এবং সর্বশেষ গত ২৬ এপ্রিল বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট।

এদিকে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার ও প্রকৃত রহস্য উদঘাটনের অপেক্ষায় এখনো নিহত দুই সাংবাদিকের পরিবার ও সহকর্মীরা।

 

Read more — আইন-আদালত
Home