
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় এবার পাসের হার ৮০.৩৬ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। ৮৯ হাজার ১৩ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়টির ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম শনিবার গণমাধ্যমকে বলেন, ভর্তি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ নেই। তবে যারা ফেল করবে তারা আমাদের ডিগ্রি (পাস) কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
এদিকে এবারের ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগের শিক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন। বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী। গত ২৫ এপ্রিল শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হয়েছে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, এবার ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন রয়েছে। সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি এবং বেসরকারি কলেজে আবেদন পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।

