উত্তরা প্রতিদিন
ঢাকা

সমালোচনা হোক, তবে স্বল্প সময়ে সরকার পতনের মতো বক্তব্য হতাশাজনক : ফারুক

উত্তরা ডেস্ক ২ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
সমালোচনা হোক, তবে স্বল্প সময়ে সরকার পতনের মতো বক্তব্য হতাশাজনক : ফারুক

গঠনমূলক সমালোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বল্প সময়ের মধ্যেই সরকার পতনের মতো বক্তব্যকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ১৫ দিনের মাথায় উৎখাতের মতো মন্তব্য বাস্তবসম্মত নয়।

শনিবার (২ মে) জাতীয় প্রেস ক্লাব-এ জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, নির্বাচনের পর মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যে সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি করা উচিত নয়। দীর্ঘ সময় পর গঠিত নতুন সরকারকে কাজের সুযোগ দেওয়া প্রয়োজন।

তিনি জানান, ১৭ তারিখে শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে এবং এর ইতিবাচক দিক ইতোমধ্যেই দৃশ্যমান।

তিনি আরও বলেন, স্বল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই সরকারকে সময় দিয়ে আস্থা রাখা জরুরি। অতীতের শাসনামলে দেশের অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনর্গঠনে সময় লাগবে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

গণতন্ত্র, সংবিধান ও জনসেবার প্রতি অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করে ফারুক বলেন, নানা প্রতিকূলতা পেরিয়েই জনগণের সমর্থনে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সরকার গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংসদের ভেতরে যেমন সহযোগিতার মনোভাব দেখানো হয়, বাইরে গিয়েও তা বজায় রাখা প্রয়োজন।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
Home