উত্তরা প্রতিদিন
ঢাকা

২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

উত্তরা ডেস্ক ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
 ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

এই পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের (জামায়াত) সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৫ মার্চ রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। জেলা কমিটি থেকে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করার জন্য সরকার গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করেছে।

মন্ত্রী জানান, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আর যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান রয়েছে।

বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময় দেশের বিভিন্ন জেলার থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ৭৯৯ এবং অন্যান্য ধারার অধীনে ১ হাজার ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

 

Read more — জাতীয়
Home