উত্তরা প্রতিদিন
ঢাকা

বঙ্গোপসাগর উত্তাল, কালবৈশাখী ঝড় ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরা ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ণ
বঙ্গোপসাগর উত্তাল, কালবৈশাখী ঝড় ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

টানা তাপপ্রবাহ প্রশমিত হয়ে দেশজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বয়ে যাচ্ছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর ভারী থেকে অতিভারী বৃষ্টি, পাহাড়ি এলাকা ভূমিধ্বস, কালবৈশাখী ঝড় ও বজ্রপাত, সমুদ্রবন্দরে তিন নম্বর এবং নৌবন্দরসমূহে দুই নম্বর সতর্কবার্তা জারি করেছে। এ অবস্থা কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দেশের আবহাওয়ার এ পরিস্থিতিকে দূর্যোগপূর্ণ বলে আখ্যায়িত করে ঝড় ও বজ্রপাতের বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ভারী বৃষ্টিপাতের ৯৬ ঘন্টার ও ঝড়ের ৪৮ ঘন্টার সতর্কবার্তা জারি করা হলেও আগামী ৩ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী বুধবার সারাদেশে কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণাঞ্চলে অর্থাৎ বরিশাল ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত ও ঝড় বয়ে যেতে পারে।

আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ভোলায় ১৫২ মিলিমিটার। এছাড়া ফেনি ১৫১, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪৬, কুমিল্লায় ১০৩, পটুয়াখালীর খেপুপাড়ায় ৯৬, কিশোরগঞ্জের নিকলিতে ৯৫, সিলেটে ৯২, পটুয়াখালীতে ৮৯ এবং বরিশালে ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে । ২৪ ঘণ্টায় দেশের কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত। এদিকে থেকে আজ দেশের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ৪ এবং রাজধানীতে ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঝড় সতর্কীকরণ বার্তায় মঙ্গলবার বেলা ১১ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘন্টায় দেশেরেআট বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরফলে ওইসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরিসহ চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় ভূমিধ্বস হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। বাতাসের তীব্রতাও ক্রমেই বাড়তে শুরু করেছে। পুরো উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে। এতে দেশের চার সমুদ্র বন্দরকেই বারবার তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য ২ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বিকাল ৪টা থেকে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বারবার দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত বারবার দেখাতে বলা হয়েছে।

আজ সন্ধ্যা ছয়টায় পূর্বাভাসে বলা হয়, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরপ্রভাবে আগামী আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

এর আগে গত ২০ এপ্রিল থেকে গত রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের তাপপ্রবাহ বয়ে যায় । গত বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

Read more — জাতীয়
Home