উত্তরা প্রতিদিন
ঢাকা

যশোরে ৫০০ শয্যার হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

উত্তরা ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
যশোরে ৫০০ শয্যার হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

 

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ১০ তলাবিশিষ্ট এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো।

প্রধানমন্ত্রী সকালে উলাশী খাল খনন শেষে মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার সুবিশাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৫ একর জমির ওপর নির্মিতব্য এই প্রকল্পে কেবল ভবন নির্মাণেই ব্যয় হচ্ছে ২৫২ কোটি টাকা। ১০ তলাবিশিষ্ট এই আন্তর্জাতিক মানের হাসপাতালে আধুনিক সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় তলাতেই থাকছে কিডনি ডায়ালাইসিস ইউনিট, সিটি স্ক্যান এবং এমআরআই সুবিধা, যা রোগীদের ঢাকা বা বিদেশের মুখাপেক্ষী হওয়া কমাবে।

চতুর্থ তলায় থাকছে ১১টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ২৫ শয্যার আইসিইউ এবং ২৭ শয্যার সিসিইউ। এছাড়া ৫ থেকে ৯ তলা পর্যন্ত ৪১৭টি সাধারণ শয্যা এবং ১০ম তলায় ৪০টি ভিআইপি কেবিন থাকছে। হাসপাতালের বেজমেন্টে ১০৪টি গাড়ি পার্কিং এবং নিচতলায় জরুরি বিভাগ ও বিশাল ক্যাফেটেরিয়া রাখা হয়েছে।

এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে যশোরবাসীর দীর্ঘদিনের চিকিৎসা দুর্ভোগ নিরসন হবে এবং মেডিকেল শিক্ষার্থীরা সরাসরি গবেষণার সুযোগ পাবে।

মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর মধ্যাহ্নভোজ ও বিশ্রামের জন্য যশোর সার্কিট হাউসে অবস্থান করছেন। বিকালে প্রধানমন্ত্রী যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

পিতার হাতে শুরু হওয়া কৃষি বিপ্লব আর নিজের হাত ধরে আসা আধুনিক উন্নয়নের এই সংযোগস্থল দেখতে আজ পুরো যশোর উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সকাল থেকেই লাল-সবুজ আর রঙিন ব্যানারে সেজেছে রাজপথ, আর জনসভাস্থলে ভিড় করছেন লাখো মানুষ।

  

Read more — জাতীয়
Home