উত্তরা প্রতিদিন
ঢাকা

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

উত্তরা ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

রান্নার কষ্ট লাঘবে দেশের মা-বোনদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কাজ উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এই নতুন সেবার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষকে ভালো রাখাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।’

 

তিনি আরও বলেন, ‌‘রান্নার কাজে মা-বোনেদের খুব কষ্ট হয় আমি জানি। এ কষ্ট গ্রামের মা-বোনেদের ও শহরের মা-বোনেদেরও। আমরা যেভাবে সারাদেশের মা-বোনোদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি সেভাবে এলপিজি কার্ডও পৌঁছে দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। বেগম খালেদা জিয়া নারীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দিয়ে গেছেন। আমরা নারীদের পড়াশোনা উচ্চতর ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিতে চাই। পাশাপাশি মেধাবী নারী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যশোরের শার্শায় উলাশী খালের পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার অন্তত ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।

 

প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্মরণ করেন যে, প্রায় ৫০ বছর আগে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। সেই স্মৃতি বিজড়িত চার কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি বর্তমান সরকারের উদ্যোগে পুনরায় খনন করা হচ্ছে।

প্রকল্পের সুফল সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, এই খাল পুনঃখননের ফলে এলাকার ২০ হাজারের বেশি কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। এতে বছরে প্রায় ১৪০০ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পরিবেশ রক্ষায় খাল খনন শেষে এর দুপাড়ে তিন হাজার ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হবে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই খালের পানির প্রবাহ নিশ্চিত হলে এলাকার কৃষি ও জনজীবনে আমূল পরিবর্তন আসবে।

 

যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন প্রমুখ।

প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওয়ানা হন। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারলাইন্সটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।

 

সফরসূচি অনুযায়ী, শার্শা উপজেলার উলশী খাল খননের পর আয়োজিত পথসভা বা সুধী সমাবেশে যোগ দেন তিনি। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর।

Read more — জাতীয়
Home