উত্তরা প্রতিদিন
ঢাকা

বাকস্বাধীনতা মানে কারও পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়: সংসদে নৌপ্রতিমন্ত্রী

উত্তরা ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
বাকস্বাধীনতা মানে কারও পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়: সংসদে নৌপ্রতিমন্ত্রী

বাকস্বাধীনতার নামে কারও পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান।

তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করা যাবে, কিন্তু ব্যক্তিগত কুৎসা ও অশালীন বক্তব্য গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না।’

রবিবার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, গত ১৮ মাসের রাজনৈতিক বাস্তবতায় যারা একসময় ক্ষমতার কাছাকাছি থেকে বিশেষ সুবিধা ভোগ করতেন, এখন সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাদের মধ্যে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘আরামের দিন শেষ হওয়ায় সুবিধাভোগী মহলে অস্বস্তি ও অস্থিরতা বাড়ছে।’

তিনি আরও অভিযোগ করেন, আগে যারা বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ে অবাধে প্রবেশাধিকার পেতেন, এখন সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে গেছে বলেই বিরোধী শিবির সংসদসহ বিভিন্ন স্থানে অস্থির আচরণ করছে।

জুলাই অভ্যুত্থানের শহিদদের সংখ্যা নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি গেজেটে যেখানে ৮৪৪ জন শহিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে, সেখানে ভিন্ন ভিন্ন সংখ্যা উল্লেখ করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি এটিকে ‘ইতিহাস বিকৃতির চেষ্টা’ বলেও মন্তব্য করেন।’

বাকস্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাকস্বাধীনতা মানে কারও পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য নয়।’ একই সঙ্গে তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমে বিরোধী দলকে সহযোগিতা করার আহ্বান জানান।’

প্রতিমন্ত্রী তার বক্তব্যের শুরুতে নির্বাচনী এলাকা বরিশাল ও আশপাশের অঞ্চলের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে বিভিন্ন নেতার ভূমিকাও স্মরণ করেন।

তিনি বলেন, ‘দেশ বর্তমানে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে এবং অতীতের অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতার পথে রয়েছে।’

 

Read more — জাতীয়
Home