উত্তরা প্রতিদিন
ঢাকা

ভ্রমণ নিরাপদ করতে জরাজীর্ণ রেললাইন আধুনিক করা হচ্ছে: সংসদে রেলমন্ত্রী

উত্তরা ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ
ভ্রমণ নিরাপদ করতে জরাজীর্ণ রেললাইন আধুনিক করা হচ্ছে: সংসদে রেলমন্ত্রী

সারা দেশে রেল দুর্ঘটনা কমাতে জরাজীর্ণ রেললাইন আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ সংস্কার ও পুনর্বাসনের মাধ্যমে রেল ভ্রমণ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে কাজ চলছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটছে, যা রেল পরিচালনায় বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারের জন্য ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী আরও বলেন, মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলেই ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

এদিকে, পশ্চিমাঞ্চলের রেলপথের উন্নয়নেও সমান্তরাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ অঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রেলমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রেল দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নত হবে এবং ট্রেন ভ্রমণ আগের তুলনায় অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক হবে।

Read more — জাতীয়
Home