উত্তরা প্রতিদিন
ঢাকা

বাড়ল বাসের ভাড়া

উত্তরা ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ
বাড়ল বাসের ভাড়া

দূরপাল্লার এবং আন্তঃজেলার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, যোগাযোগ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।’

আন্তঃজেলার ক্ষেত্রে ৫২ সিটের গাড়ি ১১ পয়সা প্রতি কিলোমিটারে সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, এই ভাড়া শুধু ডিজেলচালিত সব ধরনের পরিবহনের জন্য কার্যকর হবে। মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ৮ ও ১০ টাকা থাকবে। তেলের দাম কমলে এই ভাড়া কমিয়ে পুনরায় সমন্বয় করা হবে।

এদিকে, রেল ও নৌপথের  ভাড়া বাড়ানোর বিষয়ে  সরকার কিছু ভাবছে না বলেও জানান মন্ত্রী। এছাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই সমন্বয় কার্যকর হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সড়ক মন্ত্রী জানান, ২০২২ সালে বাস ভাড়া বাড়লেও পরে তেলের দাম কমার পরও তা কমানো হয়নি।

 

Read more — জাতীয়
Home