উত্তরা প্রতিদিন
ঢাকা

চট্টগ্রাম সিটি কলেজ বন্ধ ঘোষণা

উত্তরা ডেস্ক ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
চট্টগ্রাম সিটি কলেজ বন্ধ ঘোষণা

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার থেকে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এছাড়া, ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা আগামী ২৬ এপ্রিল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে বলে জানানো হয়েছে। ২২ ও ২৩ এপ্রিলের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।

জানা গেছে, কলেজ ক্যাম্পাসে একটি গ্রাফিতিকে কেন্দ্র করে শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। দেয়ালে লেখা ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ স্লোগান থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে ‘গুপ্ত’ লেখা হলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার সকালে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের নেতা-কর্মীরা।

পরবর্তীতে বিকেল ৪টার দিকে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং তারা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ  মোতায়েন করা হয়।

সংঘর্ষে ছাত্রশিবিরের কর্মী আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 

Read more — শিক্ষা
Home