উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন

অধ্যক্ষ নিয়োগের দাবি
উত্তরা প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
রাজশাহী নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন

অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজে (আরএনসি) কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে কলেজে তালা ঝুলিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা জানান, প্রায় তিন মাস ধরে কলেজে অধ্যক্ষ না থাকায় শিক্ষা কার্যক্রমে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। সম্প্রতি দেশের আরও কয়েকটি নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলেও রাজশাহী নার্সিং কলেজকে অজ্ঞাত কারণে বাদ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, শিক্ষকদের মধ্যে অন্তঃকলহ এবং উচ্চপর্যায়ের একটি পক্ষের গাফিলতির কারণে নিয়োগপ্রক্রিয়াটি দীর্ঘসূত্রতায় পড়েছে। পূর্ববর্তী অধ্যক্ষ মতিয়ারা বেগম অবসরে যাওয়ার পর কোনো ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ না থাকায় প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। এ সুযোগে কয়েকজন সিনিয়র শিক্ষক অধ্যক্ষ পদে আগ্রহ প্রকাশ করে ‘লবিং’ শুরু করেন। তবে জটিলতা ও প্রশাসনিক সিদ্ধান্তহীনতার কারণে এখনো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি।

এর আগে গত শনিবার থেকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন এবং ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। সময়সীমা শেষ হলেও কোনো প্রজ্ঞাপন না আসায় তারা মঙ্গলবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ না থাকায় শুধু পাঠদান নয়, প্রশাসনিক কার্যক্রম ও ক্লিনিক্যাল প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে। দ্রুত নিয়োগ না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে সংহতি জানায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।

রাজশাহী নার্সিং কলেজের সাবেক সভাপতি জহিরুল ইসলাম খান বলেন, প্রায় তিন মাস ধরে অধ্যক্ষ পদ শূন্য থাকলেও কোনো নিয়োগ হয়নি। এতে পুরো কলেজের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বাধ্য হয়েই আমরা কমপ্লিট শাটডাউনে গিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

Read more — শিক্ষা
Home